দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লিতে যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি সরকার গুরুত্বসহকারে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জানা গেছে, দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে তার সফরের বিষয়টি গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।
তবে রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করায় বলে জানা যায়। এ সময় তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
পরিস্থিতিকে আত্মসম্মানের প্রশ্ন হিসেবে বিবেচনা করে ডা. জাহেদ উর রহমান তার পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুরোধ জানালেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি।
সোমবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন।