আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সরকারের রাজনৈতিক অঙ্গীকার। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার নাকি অন্তর্বর্তী সরকার থাকবে, সে বিষয়ে সব শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আদালতের রায়ে উল্লেখিত ৫৪টি বিষয়ে জুলাই সনদকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী আরও বলেন, সুপ্রিম কোর্টের রায় ও জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই রায় বাস্তবায়ন করা হবে। আগামী জাতীয় সংসদের অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে।
এর আগে বৃহস্পতিবার সকালে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ আদেশের ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনার নির্দেশ দেন আদালত।
তবে আদালতের ওই রায়ে পঞ্চদশ সংশোধনীর পুরো অংশ বাতিল করা হয়নি।