অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার ১২ নম্বর বল্লী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ ফিরোজ শাহকে দলীয় পদ ও সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৯ জুলাই) ১২ নম্বর বল্লী ইউনিয়ন জামায়াতের আমীর মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা সংগঠনের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী ফিরোজ শাহর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর ফলে তাকে ১২ নম্বর বল্লী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি পদসহ সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, গত বুধবার (৮ জুলাই) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ফিরোজ শাহকে তার স্ত্রী দেখতে পান। এ সময় সেখানে বাগ্বিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
সাংগঠনিক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ফিরোজ শাহকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে।
এ বিষয়ে সংগঠনের সব পর্যায়ের দায়িত্বশীল, সদস্য ও শুভানুধ্যায়ীদের সাংগঠনিক সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।