‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ সাংবাদিকদের নিয়ে আয়োজিত একটি উপস্থাপনায় জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করে তাকে শহীদ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। পরে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানটির আয়োজন করে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ)। এতে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সাংবাদিক মিজানুর রহমান সোহেল জানান, অনুষ্ঠানের একটি প্রেজেন্টেশনে তাকে ২০২৪ সালের ৪ জুলাই হবিগঞ্জে শহীদ হয়েছেন বলে উল্লেখ করা হয়। তবে তার ছবির সঙ্গে নাম হিসেবে ব্যবহার করা হয় সাংবাদিক সোহেল আকাঞ্জির নাম।
নিজের প্রতিক্রিয়ায় মিজানুর রহমান সোহেল জানান, তিনি জীবিত আছেন এবং এ ঘটনার পর পরিচিত ও সহকর্মীদের অনেকেই ফোন করে তার বেঁচে থাকার বিষয়টি জানতে চেয়েছেন। তিনি বলেন, একজন জীবিত সাংবাদিককে মৃত বা শহীদ হিসেবে উপস্থাপন করা শুধু তথ্যগত ভুল নয়; এর সামাজিক ও পেশাগত প্রভাবও রয়েছে।
তিনি আরও প্রশ্ন তোলেন, একজন সাংবাদিকের নাম ও ছবি প্রকাশ্য অনুষ্ঠানের উপস্থাপনায় ব্যবহারের আগে কেন তথ্য যাচাই করা হয়নি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য যাচাইয়ের দায়িত্ব আরও বেশি গুরুত্ব পাওয়ার কথা বলেও উল্লেখ করেন তিনি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, ডকুমেন্টারিতে শহীদ সাংবাদিকের নাম ঠিক ছিল, তবে অনাকাঙ্ক্ষিতভাবে ছবিটি ভুল ব্যবহার করা হয়েছে। বিষয়টি সংশোধন এবং দুঃখপ্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়ার কথাও জানান তিনি।
পরে এনসিপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, ভুলটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমান সোহেলসহ সংশ্লিষ্ট সবার কাছে দুঃখপ্রকাশ করেছে দলটির মিডিয়া, ব্র্যান্ডিং ও প্রচার বিষয়ক উপকমিটি।