হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের উৎস বা কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মঙ্গলবার (১৯ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেহের নিউজ এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে সোমবার দ্বীপটির আকাশসীমায় কয়েকটি ছোট ড্রোন শনাক্ত করা হয়। পরিস্থিতি মোকাবিলায় ইরান তাৎক্ষণিকভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে বলে জানা গেছে।
কেশম দ্বীপ ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের কাছাকাছি অবস্থিত এবং হরমুজ প্রণালির প্রবেশমুখে হওয়ায় এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপটিতে ইরানের সামরিক উপস্থিতিও রয়েছে।
এদিকে গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে দেশটির গুরুত্বপূর্ণ দ্বীপগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এর মধ্যে খার্গ দ্বীপের নামও উঠে আসে, যেখান থেকে ইরান আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করে থাকে।
তবে কেশম দ্বীপের সাম্প্রতিক বিস্ফোরণের সঙ্গে কোনো সামরিক কর্মকাণ্ড বা ড্রোন ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।