অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক ৯ উইকেটের জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) ভিডিও কলে জাতীয় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি দলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন এবং সিরিজের পরবর্তী টেস্টের জন্য খেলোয়াড়দের শুভকামনা জানান।
ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রণ দেখায়। প্রথম ইনিংসে ৪২৬ রান করার পর বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। ফলে জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় টাইগাররা, যা এক উইকেট হারিয়েই পেরিয়ে যায়।
এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।