প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামাজিক ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাজেট প্রণয়ন করা হলেও বিরোধী দল তা নিয়ে সমালোচনা করছে। তিনি দাবি করেন, তাদের মূল উদ্দেশ্য জনগণের পাশে দাঁড়ানো নয়, বরং দেশে অস্থিরতা সৃষ্টি করা।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট ঘোষণার পর কোনো পণ্যের দাম বাড়েনি। বরং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। কর বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র মদ ও সিগারেটের ওপর, কারণ এগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবুও বিরোধী দল এর সমালোচনা করছে।
তিনি বলেন, “তাদের উদ্দেশ্য জনগণের পাশে দাঁড়ানো নয়। তাদের একমাত্র লক্ষ্য দেশকে অশান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা।”
‘করবো কাজ, গড়ব দেশ’ স্লোগান পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, সরকার দেশের ২০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। কৃষক, নারী, শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
পাতলী খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার মেট্রিক টন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে নগদ আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি।
নারী শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণ করে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হবে।
গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সুরক্ষার জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ এবং সহজ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ বরাদ্দের কথাও তুলে ধরেন তিনি। এ সময় হার্টের রিং, কিডনি ডায়ালাইসিসসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণের ওপর আরোপিত কর প্রত্যাহারের বিষয়টিও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক ২০ কোটি জনগণ। তাদের কল্যাণেই সরকারের সব পরিকল্পনা ও কর্মসূচি।”
উল্লেখ্য, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া খাল খনন কর্মসূচির অংশ ছিল পাতলী খাল। প্রায় অর্ধশতাব্দী পর তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন।