জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে সিদ্ধান্ত নিতে পারেনি, বিএনপি তা করেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে শুধু দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বিপরীতে বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, জামায়াত যে সিদ্ধান্ত নিতে পারেনি, ক্ষমতাসীন দল বিএনপি তা করেছে।
তিনি আরও বলেন, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী বিষয়টি যেভাবে মোকাবিলা করেছেন, সেটি দলের ভেতরে জবাবদিহির অবস্থানকে তুলে ধরে। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকা সত্ত্বেও ফেরদৌসী আহমেদ মিষ্টির ক্ষেত্রে কোনো শৈথিল্য দেখানো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।