হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা এবং আইফোনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন এ অভিযোগ দায়ের করেন। মামলায় আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনে নিহত রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা কোর্ট মসজিদ এলাকায় জড়ো হলে সেখানে হামলার ঘটনা ঘটে।
বাদীর অভিযোগ অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় কয়েকটি আইফোন, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে একই ঘটনাকে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকেও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগে পৃথক একটি মামলা করা হয়। পাল্টাপাল্টি মামলার ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।