দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জ জেলার দুই সদস্য (রুকন)কে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৫ জুলাই) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার সাবেক রশুনিয়া ইউনিয়ন আমির ও জামায়াতের সদস্য (রুকন) মাওলানা মনির হোসেন এবং সদর উপজেলার সদস্য (রুকন) আমিনুল ইসলাম নাসির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের সদস্য (রুকন) পদ বাতিল করা হয়েছে। ফলে তারা বর্তমানে জামায়াতের কোনো পদে নেই এবং দলটির সদস্যও নন।
দলীয় সূত্র জানিয়েছে, নৈতিক স্খলন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি এ কে এম ফখরুদ্দীন রাজি বলেন, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দেশব্যাপী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।