টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদাপুকুর এলাকায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন। কোথায় কী প্রয়োজন এবং কী ধরনের সহায়তা লাগবে, সে বিষয়ে তিনি নিয়মিত নির্দেশনা দিচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে দুর্গত মানুষের খোঁজ নিতে পাঠিয়েছেন। সরকার যেকোনো দুর্যোগে জনগণের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
এম ইকবাল হোসেইন আরও বলেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর শপথ নেওয়ার পরপরই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। তার অনুরোধেই দ্রুত ত্রাণ সহায়তা নিয়ে ফটিকছড়িতে আসা হয়েছে।
তিনি জানান, শুধু ত্রাণ বিতরণ নয়, বন্যা শেষে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্যও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।