বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দেন।
বিকেল ৩টায় জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট এবং গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারেরও প্রথম বাজেট।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ১৩.৭ শতাংশ। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬.৫ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ।
বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা সংশোধিত বাজেটে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নির্ধারিত হয়। সে হিসেবে এবারের বাজেটের আকার প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
বাজেট ঘোষণার পর বিভিন্ন পণ্য ও সেবার দামে পরিবর্তন আসতে পারে। এবারের বাজেটে কিছু খাতে উৎস কর, শুল্ক, ভ্যাট ও সারচার্জ বৃদ্ধি করা হয়েছে, ফলে কয়েকটি পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিছু খাতে করছাড় ও ভর্তুকির কারণে কিছু পণ্যের দাম কমতেও পারে।