জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এটি গণতন্ত্র ও শান্তিকামী সব মানুষের সম্মিলিত অর্জন।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ ও বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, তার ও তার পরিবারের পাশাপাশি দেশের মানুষের ওপর গত ১৭ বছরে যে অবিচার হয়েছে, আল্লাহ তাকে সেই সবের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়েছেন। তবে তিনি প্রতিশোধ নিতে চান না, বরং ন্যায়বিচার নিশ্চিত করতে চান।
প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার করা হবে, তবে বিচার যেন অবিচারের পথে না যায় সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে ‘৩৬ জুলাই’ তথা জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ আয়োজন করে।
এ সময় শহীদ পরিবারের সদস্যরা মঞ্চে তাদের সন্তান হারানোর বেদনার স্মৃতি তুলে ধরেন। এক শহীদ জননীর কান্নায় পুরো মিলনায়তন আবেগঘন হয়ে ওঠে এবং উপস্থিত প্রধানমন্ত্রীও অশ্রুসিক্ত হন।