শুধু বিমান ভাড়া নয়, আনুষঙ্গিক খরচও কমিয়ে হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হজের বিমান ভাড়া কমানোর কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের। হজযাত্রীদের ব্যয় আরও কমাতে এবং সেবার মান উন্নত করতে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকার ডি ক্যাটাগরির হজ প্যাকেজে সি ক্যাটাগরির কিছু সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে হজযাত্রীরা আরও উন্নত সেবা পাবেন।
এম রশিদুজ্জামান মিল্লাত জানান, ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে সরকার এবং হজ এজেন্সিগুলো সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, হাজিদের লাগেজ ব্যবস্থাপনা, খাবারের মান এবং অন্যান্য সেবায় যেসব অভিযোগ ছিল, সেগুলো দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে হজযাত্রীরা আরও নির্বিঘ্ন ও মানসম্মত সেবা পান।