জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান দল থেকে পদত্যাগ করেছেন।
শনিবার (১ আগস্ট) উপজেলা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি পদত্যাগপত্র জমা দেন।
যদিও পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা বলা হয়েছে, দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দল ও মতবিরোধের কারণেই তিনি দায়িত্ব ছেড়েছেন। এনসিপিতে যোগ দেওয়ার আগে তিনি জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পদত্যাগের পর একই দিন সোনাগাজীতে জামায়াতের গণমিছিলেও তাকে অংশ নিতে দেখা যায়।
তবে দলীয় কোন্দলের অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহ আল নোমান বলেন, জুলাই আন্দোলনের চেতনার বিষয়ে তিনি বিএনপির অবস্থানের সঙ্গে একমত থাকবেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সোনাগাজীতে কেন্দ্রীয় কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর একজনকে দল থেকে বহিষ্কার এবং আরেকজনকে শোকজ করা হয়েছিল।
এ বিষয়ে এনসিপির সোনাগাজী উপজেলা যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের মধ্যে কোনো বিভাজন বা অস্থিরতা নেই। ব্যক্তিগত কারণে কেউ পদত্যাগ করলে সেটি তার নিজস্ব সিদ্ধান্ত।