কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য রোববার (২৮ জুন) দিনটি ছিল এক স্বপ্নপূরণের মুহূর্ত। প্রথমবারের মতো তারা পরিদর্শন করেন দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন।
উপজেলার ঐতিহ্যবাহী চারটি শিক্ষা প্রতিষ্ঠান—নীলকান্ত সরকারি কলেজ, শাহ শরীফ ডিগ্রি কলেজ, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ এবং মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা সফরে অংশ নেন। এই সফর শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় ও আবেগঘন অভিজ্ঞতায় পরিণত হয়।
সফরের অন্যতম আকর্ষণ ছিল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার প্রতি সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফিও তোলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এমন মুহূর্ত পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে।
সংসদ ভবনে পৌঁছে তারা প্রথমে এলডি হল, সংসদের উত্তর ও দক্ষিণ প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সংসদ গ্রন্থাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরে তারা বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের স্থাপত্যশৈলী সম্পর্কে ধারণা নেন।
পরিদর্শনের অংশ হিসেবে শপথ কক্ষে আয়োজিত ‘শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি। সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
ব্রিফিং সেশনে সংসদ ভবনের ইতিহাস, স্থাপত্যশৈলী ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা সংসদ অধিবেশনও সরাসরি দেখার সুযোগ পান, যেখানে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।
শিক্ষার্থীরা জানান, জীবনে প্রথমবার সংসদ ভবন ঘুরে দেখা এবং সংসদ অধিবেশন সরাসরি দেখা তাদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তারা এই সুযোগকে ভবিষ্যৎ জীবনে দেশ ও রাষ্ট্র সম্পর্কে জানার বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, এই সফর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এটি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
শেষে শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।