বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সিগারেট খেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত তাজুল সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পুলিশ জানায়, গত ৩০ মে রাত ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাসুয়াখালী গ্রামের কামাল মৃধার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান দেখতে বন্ধুদের সঙ্গে সেখানে যান তাজুল। একই সময়ে ডেকোরেটর কর্মী হৃদয়ের আমন্ত্রণে সজীব খান, রিয়াদ ও রোমান নামে তিন কিশোরও অনুষ্ঠানে আসে।
অনুষ্ঠানস্থলে ধূমপান করতে দেখে তাজুল ও তার বন্ধুরা তাদের বাধা দেন। এ সময় তাজুল রিয়াদকে একটি চড় মারেন বলে জানা যায়। ঘটনাটির জেরে পরে সংঘর্ষের সূত্রপাত হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সিগারেট খাওয়া নিয়ে বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় চার কিশোর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চড় খাওয়ার পর রিয়াদ ঘটনাস্থল ত্যাগ করে। পরে বাড়ির পুকুরপাড়ে তাজুল ও তার বন্ধুদের ওপর হামলা চালায় সজীব, হৃদয় ও রোমান। হামলার সময় হাতুড়ি দিয়ে মারধরের পাশাপাশি সজীব তাজুলকে ছুরিকাঘাত করে। এতে তার কুঁচকির নিচে গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাজুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, হামলায় ব্যবহৃত ছুরি ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। আটক চারজনই অপরাধের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তদন্তে জানা গেছে, রিয়াদের সঙ্গে তাজুলের ফুটবল খেলাকে কেন্দ্র করে আগের বিরোধও ছিল। ওই দিনের ঘটনার পর সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত হামলার ঘটনা ঘটে।
ছুরিকাঘাতের পর স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।