আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে পুনরায় চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস হয়েছে। দীর্ঘদিনের বিদ্যুৎ ও গ্যাস সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে সরকারের কিছুটা সময় প্রয়োজন।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস না যেতেই বিরোধী দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাতে সরকার দেশের জন্য কার্যকরভাবে কাজ করতে না পারে।
আবদুস সালাম আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবে।
গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া কামরাঙ্গীরচরের লোহার ব্রিজটি দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হয়েছে। ব্রিজটির বিভিন্ন স্থানে মরিচা ও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছিল।
সংস্কার শেষে ব্রিজটি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এর ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে সুবিধা হবে এবং পায়ে হেঁটে নিরাপদে ব্রিজটি পারাপারের সুযোগ তৈরি হবে।