দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দালালদের বিরুদ্ধে র্যাব ও ডিজিএফআই একযোগে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এবং হাম চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। একটি শ্রেণি রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যায়। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।
তিনি জানান, অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা এবং অবৈধ ক্লিনিক সিলগালা করা হচ্ছে।
ভুয়া চিকিৎসক কিংবা সনদধারী টেকনিশিয়ান দিয়ে অস্ত্রোপচার করানো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। এসব কার্যক্রম বাস্তবায়নে সময় লাগবে উল্লেখ করে তিনি অন্তত ছয় মাস সময় দেওয়ার আহ্বান জানান।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
হামের টিকা না পাওয়া শিশুদের জন্য বিশেষ কর্মসূচি
হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে বিশেষ টিকাদান কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগের কর্মসূচিতে নানা কারণে কিছু শিশু টিকা নিতে পারেনি। কারও কাছে তথ্য পৌঁছায়নি, কেউ ব্যস্ততার কারণে সন্তানকে কেন্দ্রে নিতে পারেননি, আবার কিছু শিশু স্কুলে থাকায় টিকা থেকে বাদ পড়ে।
তিনি জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হলেও পূর্ণ কভারেজ নিশ্চিত করা সম্ভব হয়নি। এর মধ্যে নতুন শিশু যুক্ত হওয়ায় টিকাদানে কিছু ঘাটতি তৈরি হয়েছে। টিকা না পাওয়া শিশুদের মধ্যেই বর্তমানে হাম সংক্রমণের ঘটনা দেখা যাচ্ছে বলে জানান তিনি।
সিলেটের হাওরাঞ্চলে বিশেষ গুরুত্ব দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে প্রতিটি উপজেলায় মূল ক্যাম্পেইনের আগে বিশেষ কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ওসমানী হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতায় নির্দেশ
ওসমানী হাসপাতালের পরিবেশ ও ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী সাত দিনের মধ্যে ড্রেনেজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেন তিনি।
দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকটের কথাও তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সীমিত জনবল নিয়েই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দিন-রাত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।