বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে প্রায় দুই মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। পরে ছাত্রশিবির জানায়, সংগঠনের পদে থেকে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ জানান, চলতি সেশনের ষান্মাসিক সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সাদিক কায়েমসহ কয়েকজন কেন্দ্রীয় সম্পাদক সাংগঠনিক ছুটিতে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
বর্তমানে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি মাঠপর্যায়ে সমন্বয়ের দায়িত্বও পালন করেন তিনি।
খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসা থেকে ২০১৪ সালে দাখিল এবং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে ২০১৬ সালে আলিম পাস করেন সাদিক কায়েম। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।