ঢাকার আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান থেকে নামার সময় মাথায় পরানো হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হেলমেট ছুড়ে ফেলার দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরানো অবস্থায় প্রিজনভ্যান থেকে নামার প্রস্তুতি নিচ্ছেন আখতারুজ্জামান। এ সময় মাথায় থাকা হেলমেট খুলে তিনি তা ছুড়ে ফেলেন। তাকে বলতে শোনা যায়, ‘আমি হেলমেট মানি না। সরকারের অবৈধ অর্ডার মানি না।’
এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও এক কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ১ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট এবং ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে আখতারুজ্জামানের বাকবিতণ্ডা ও হুমকির ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিমানবন্দর থানায় মামলা করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজীব। মামলায় সরকারি কাজে বাধা, হুমকি ও নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।
শনিবার ওই মামলায় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি তার জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আখতারুজ্জামানের গ্রেপ্তার ও মামলার ঘটনায় জামায়াতে ইসলামী তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে বিমানবন্দরের যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার অভিযোগ তদন্তের দাবিও জানিয়েছে দলটি।