আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন নির্ধারিত দামে ঢাকার মধ্যে লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুট ৬২-৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই দাম ছিল যথাক্রমে ৬০-৬৫ টাকা এবং ৫৫-৬০ টাকা।
এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২-২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, দেশে প্রতিবছর প্রায় ১ কোটি পশু কোরবানি হয়। এসব পশুর চামড়া দেশীয় শিল্পে ব্যবহৃত হয়। চামড়া সংরক্ষণ ও নষ্ট হওয়া ঠেকাতে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে লবণ সরবরাহ করা হবে। পাশাপাশি মাংস ব্যবসায়ী ও মাদ্রাসাগুলোকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, চামড়া সংরক্ষণ ও প্রশিক্ষণ কার্যক্রমে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে। একইসঙ্গে চামড়া পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কীওয়ার্ড: কোরবানির চামড়া, চামড়ার দাম, ঈদুল আজহা, গরুর চামড়া, খাসির চামড়া, বাণিজ্যমন্ত্রী, বাংলাদেশ চামড়া শিল্প, চামড়া সংরক্ষণ