ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে একসঙ্গে ১৫টি মসজিদ সিলগালা করেছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। অবৈধ বসতি স্থাপন এবং জনসংখ্যার কাঠামোগত পরিবর্তনের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এই পদক্ষেপ নেয়।
শুক্রবার (৫ জুন) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন (এপিআইওয়াইও) নামের একটি আদিবাসী সংগঠনের দীর্ঘ আন্দোলনের পর সরকার এ সিদ্ধান্ত নেয়। সংগঠনটি অবৈধ ধর্মীয় স্থাপনা উচ্ছেদ ও অনুপ্রবেশ বন্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সঙ্গে সংগঠনটির বৈঠকের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এরপর জেলা প্রশাসন একটি জরিপ চালিয়ে রাজধানী ইটানগর এলাকায় ১৫টি অননুমোদিত মসজিদের অস্তিত্ব শনাক্ত করে।
পর্যায়ক্রমে প্রশাসন প্রথমে ১২টি এবং পরে আরও ৩টি মসজিদ সিলগালা করে দেয়।
রাজ্য সরকারের এক মুখপাত্র জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের দাবি, অবৈধ নির্মাণ ও অনুপ্রবেশজনিত সমস্যা নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবেই এ পদক্ষেপ।
তবে এই ঘটনায় স্থানীয় পর্যায়ে ও রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।