সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া উচ্ছ্বসিত হাসি নিয়ে হাত বাড়িয়ে দেওয়া শিশু তাহসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন উত্তরার মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন ও তার বাবা নাজমুল হক। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিশু তাহসিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে শিশুটির প্রাণবন্ত হাসি ও প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেওয়ার দৃশ্য ব্যাপক প্রশংসা পায় এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা, শারীরিক অবস্থা ও ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে জানতে চান। তিনি তাহসিনকে মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়া, নিয়মিত খেলাধুলা করা এবং নিজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
আলাপচারিতার একপর্যায়ে তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। পরে প্রধানমন্ত্রী তার হাতে নিজের স্বাক্ষর করা একটি ফুটবলসহ কয়েকটি বিশেষ উপহার তুলে দেন।
তাহসিন বর্তমানে উত্তরার মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার পরিবারের রয়েছে এক বেদনাদায়ক স্মৃতি। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় সে তার বড় বোন তাসনিয়াকে হারায়। সেই শোকের মধ্যেও শিশুটির প্রাণবন্ত উপস্থিতি ও হাসিমুখ সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নজর কাড়ে।