জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি বক্তব্যে জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এক শ্রেণী গণভোটের নামে জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তবে সরকার স্পষ্টভাবে জানিয়েছে, এসব দাবি জুলাই সনদের অংশ নয়। এরপরও বিভ্রান্তি ছড়ানোর নতুন নতুন চেষ্টা চলছে।
আসাদুজ্জামান বলেন, একদিকে ফ্যাসিবাদ দেশের সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে, অন্যদিকে মৌলবাদী শক্তি ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়েছে। এ ধরনের অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনাই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।
জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশ দুই ধারায় বিভক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একপক্ষ জুলাইকে রাজনৈতিক ব্যবসার উপকরণে পরিণত করেছে, অন্যপক্ষ জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে কাজ করছে বলে জানান তিনি।