ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ শেষ হওয়ায় আজ বিকেল থেকেই গ্যাস সরবরাহ শুরু হবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এফএসআরইউর মেরামত কাজ বিকেলের মধ্যেই শেষ হবে। এরপর গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে পাইপলাইনের চাপ (প্রেশার) স্বাভাবিক হবে এবং চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তিনি বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি আগের অবস্থায় ফিরতে কমপক্ষে দুই থেকে তিন দিন সময় লাগবে।
লোডশেডিং প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্যাস সংকটের কারণে যেসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে সেগুলোও আবার চালু করা হবে। এতে বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং পরিস্থিতির উন্নতি হবে।