অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন এবং নিজের কর্মদক্ষতার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের সামনে বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে দেশের তরুণরা তাদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা দেখিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেওয়া সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব, সুপরিকল্পিত কর্মপরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন ভাবনা প্রয়োজন।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ অতীতেও নানা সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে। এবারও দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব বাধা অতিক্রম করে উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। তার নেতৃত্বে দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী চিন্তা, দেশপ্রেম ও নেতৃত্বই হবে সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নানসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।