বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ কিনতে তিউনিশিয়াসহ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি প্যারিসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে কয়েকটি দেশের প্রতিনিধিরা বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও সরকারের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে দেশের তৈরি ক্যান্সারের ওষুধসহ অন্যান্য ওষুধ আমদানির বিষয়ে তারা আগ্রহ দেখিয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক ওষুধ বাজারে বাংলাদেশের বেসরকারি ওষুধ প্রস্তুতকারকরা ভালো অবস্থান তৈরি করেছেন। ভবিষ্যতে ভ্যাকসিন উৎপাদনেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
স্বাস্থ্যখাতের উদ্যোক্তা ও চিকিৎসকদের বিভিন্ন উদ্ভাবনের প্রশংসা করে মন্ত্রী বলেন, সীমিত জনবল নিয়েও দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি আরও বলেন, করোনাকালীন পরিস্থিতি মোকাবিলা, হাম নিয়ন্ত্রণ ও ডেঙ্গু ব্যবস্থাপনায় চিকিৎসকদের অবদান উল্লেখযোগ্য।
স্বাস্থ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. জাফর সিদ্দিকীর উদ্ভাবিত পেডোগ্রাফের উদাহরণ তুলে ধরে বলেন, এটি ডায়াবেটিস রোগীদের পায়ের জটিলতা কমাতে সহায়ক এবং বিদেশেও রপ্তানি হচ্ছে।
এ ছাড়া আইসিডিডিআরবির একজন চিকিৎসকের উদ্ভাবিত কম খরচের একটি যন্ত্র হামের সময়ে শিশুদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।