বাংলাদেশের অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনা পর্যবেক্ষণে আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
তিনি জানান, বিদ্যুৎ ও গ্যাস খাতের সংকট নিরসন, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা দূর করতে সরকার ধারাবাহিকভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শিগগিরই এ ব্যবস্থা চালু করা হবে, যা পণ্য পরিবহন ও খালাসের সময় কমিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতা বাড়াবে।
ড. মাহদী আমিন বলেন, একই দিনে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক হয়েছে। সেখানে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প উৎপাদন, জ্বালানি সরবরাহ, রপ্তানি সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সরকার আশাবাদী।