বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।
রোববার (১৭ মে) বেলা ১১টায় সিরাজগঞ্জের চৌহালী আমলী আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এ নির্দেশ দেন।
মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে ২১ এপ্রিল হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
তবে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রোববার আবারও আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত না হওয়ায় আদালত এবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগের আলোচনায় তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন সংসদ সদস্য আমির হামজা।