স্নাতক বা অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিলের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তা পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর। এমন কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।
তবে তিনি জানান, উচ্চশিক্ষার আধুনিকায়ন এবং চাকরির বাজারে চাহিদা বিবেচনায় কারিকুলামে কিছু পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা চলছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্নাতক পর্যায়ের পাঠ্যসূচিতে প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে একটি মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।
এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানান তিনি।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বাতিলের বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।