সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটের একটি দোকান থেকে আজিমুল ইসলাম আজিম (৩০) নামে এক ব্যবসায়ীকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তাকে ‘মেসার্স শীতল ফ্যাশন’ নামের দোকান থেকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজিমুল ইসলাম আজিম শহরের হোসেনপুর মহল্লার রবিউল ইসলামের ছেলে এবং তিনি ওই দোকানের মালিক।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যার চেষ্টা—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ জানান, ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, সকালে দোকানের শাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখে তাদের সন্দেহ হয়। পরে দোকানের ভেতরে ঢুকে আজিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঈদের আগে ব্যস্ত বাজার এলাকায় এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।