ঢাকার সড়কে অটোরিকশা চলাচলের দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানানো একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলেরই ৭০০ অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাইয়ের গ্রাফিতি পুনরায় আঁকার কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, অটোরিকশা চলাচলের দাবিতে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল সরকারের প্রতি দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরে খোঁজ নিয়ে ওই নেতার ৭০০ অটোরিকশা থাকার তথ্য পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।
ডিএনসিসি প্রশাসক আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
ফুটপাত সংস্কারের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ফুটপাত মেরামত করে সেগুলো দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হবে।
মেট্রোরেলের পিলারে গ্রাফিতি আঁকার বিষয়ে শফিকুল ইসলাম খান মিল্টন জানান, ৭২ ঘণ্টার মধ্যে পিলার থেকে পোস্টার সরিয়ে সেখানে গ্রাফিতি আঁকার কাজ করা হচ্ছে। এ কার্যক্রমে রাজনৈতিক পক্ষপাত থাকবে না। আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ব্যক্তিদের গ্রাফিতিতে তুলে ধরা হবে বলেও জানান তিনি।