চট্টগ্রামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক তরুণীকে হাসপাতালের পাঁচতলা থেকে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রহমান শেখ (২১)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ভাটখালী এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম নগরের ফয়েজ লেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহত তরুণীর নাম রিয়া আক্তার রিতা (২০)। তিনি চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং সিডিএ মার্কেট এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে আব্দুর রহমানের সঙ্গে রিতার পরিচয় হয়। কয়েক মাস আগে একটি মারামারির ঘটনায় অভিযুক্তের চাকরি চলে যায়। এরপরও তিনি রিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করতেন বলে অভিযোগ পরিবারের।
গত শুক্রবার (২২ মে) রাতে কারখানা ছুটির পর কৌশলে রিতাকে ফয়েজ লেক এলাকায় নিয়ে যান আব্দুর রহমান। পরে গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে তাকে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার একটি গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, সেখানে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা জমিলা বেগম বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।