সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। এবার চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলামের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) সকাল ৮টা ২৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গাজী নজরুল ইসলাম দাবি করেন, হাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানো এবং তার বিরুদ্ধে অপপ্রচার প্রতিপক্ষের ‘চক্রান্ত ও ষড়যন্ত্রের’ ফল।
পোস্টে তিনি বলেন, হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ার পর হাজী নজরুলকে কারাগারে পাঠানো এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রচার করা পরিকল্পিতভাবে করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে শ্যামনগরবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
গাজী নজরুল ইসলাম আরও বলেন, এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যতে শ্যামনগরে ন্যায় ও নিষ্ঠাবান নেতৃত্বের বিকাশ কঠিন হয়ে পড়তে পারে। সুন্দর ও নিরাপদ শ্যামনগর গড়ার স্বার্থে বিষয়টি বিবেচনার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন গাজী নজরুল ইসলাম। পরে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। ওই ঘটনার পর জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করে।
ভিডিওকাণ্ডের পর গাজী নজরুল ইসলাম নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেসবুকে একাধিক পোস্ট দিলেও পরে সেগুলোর বেশিরভাগই আর দেখা যায়নি। সর্বশেষ ১৮ জুলাই ‘চলমান আন্দোলনে শিক্ষার্থী এবং দায়িত্বশীলদের প্রতি পরামর্শ’ শিরোনামে একটি পোস্ট পাওয়া যায়।
এদিকে হাজী নজরুল ইসলামকে নিয়ে দেওয়া সর্বশেষ পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্যও এসেছে।
উল্লেখ্য, গত সোমবার চাঁদাবাজি, হামলা ও সরকারি প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে করা মামলায় হাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠান আদালত। একই দিন তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ওই তরুণীর মামার করা হত্যাচেষ্টা মামলায় গাজী নজরুল ইসলাম জামিন পান।