রাজধানীর বনানী থানাধীন পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলিভর্তি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম।
বুধবার (১৩ মে) রাতে বনানী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার সকালে ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির পেছনের ১১৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় অভিযান চালানো হয়। এসময় বাসা থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ২ হাজার ১৫০ পিস ইয়াবা ও ৯৬ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি মো. জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জাহিদুল বনানী-মহাখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি। এছাড়া রাজধানীর ফার্মগেট এলাকায় যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনাতেও তার সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।