রাষ্ট্র মেরামতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্পষ্ট রূপরেখা ও নীতিমালা দিয়েছেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কোনো কাজ স্থবির হয়ে থাকলে দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুসরণ করে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, সব ধর্ম ও মতের মানুষ যেন নিজ নিজ অবস্থান থেকে কথা বলতে পারেন, তা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি সুখী, সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
ওলামায়ে কেরামদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে শামীম কায়সার লিংকন বলেন, পারস্পরিক যোগাযোগ বাড়লে ভুল-বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব হবে।
তিনি জানান, ইসলাম ধর্মের আলেমদের পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মীয় গুরু ও নেতৃবৃন্দের সঙ্গেও তিনি যোগাযোগ করবেন।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, পারস্পরিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করা সম্ভব। বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের সঙ্গে যোগাযোগ রাখা তার দায়িত্বের অংশ বলেও উল্লেখ করেন তিনি।