জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে অপসারণের দাবির প্রতিবাদে তাঁর পক্ষে বিক্ষোভ করেছেন একদল মুসল্লি। এ সময় বিক্ষোভকারীরা জামায়াতে ইসলামী ও দলটির সহযোগী সংগঠনকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে ওলামা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, বায়তুল মোকাররমের খতিবকে অপসারণের দাবির পেছনে জামায়াতে ইসলামীর ভূমিকা রয়েছে। এ সময় তাঁরা ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদুদির আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, মুফতি আব্দুল মালেক জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ইমামতি করবেন। তাঁদের বক্তব্য, ইসলাম কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়; বরং সব মুসলমানের ধর্ম।
সম্প্রতি জামায়াতে ইসলামীর আদর্শ এবং কওমি আলেমদের একাংশের দলটির সঙ্গে রাজনৈতিক জোটে যুক্ত হওয়ার সমালোচনা করেন মুফতি আব্দুল মালেক। তাঁর বক্তব্যের পর জামায়াতপন্থী কয়েকজনের পক্ষ থেকে খতিবকে অপসারণের দাবি ওঠে। এ নিয়ে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়ের আহ্বানও জানানো হয়েছিল।
অন্যদিকে, মুফতি আব্দুল মালেকের পক্ষে অবস্থান নিয়েছেন বিএনপিসহ বিভিন্ন ইসলামি দলের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।