প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশের তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাত ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং ইউনিয়নভিত্তিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। প্রতিটি ইউনিয়ন ও শহরের প্রতিটি ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা পাওয়া যাবে। পাশাপাশি আইসিইউ, আধুনিক প্যাথলজি, জরুরি বিভাগ, ইনডোর ও আউটডোর সেবা চালু থাকবে।
জেলা হাসপাতালগুলোতে ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে তৃণমূলের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে ২৭ হাজার ৬০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া প্রতিটি নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় ২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণের জন্য ১৬২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানান, শিগগিরই ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আগামী তিন থেকে চার বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনাও রয়েছে।