শিক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২১ আগস্ট) সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত দুদিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে এটিকে বাস্তব জীবন ও কর্মমুখী শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে। একই সঙ্গে দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, পড়াশোনা শেষে শিক্ষার্থীরা যেন দেশ ও বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সেজন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ক্রেডিট ট্রান্সফারের সুযোগসহ আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
সংলাপে উচ্চশিক্ষায় প্রযুক্তিগত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, শিক্ষার মান, জবাবদিহি ও বৈশ্বিক প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্যসহ নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।