জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি ড. খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের পর তিনি জাতিসংঘের প্রতি সব সদস্য রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় সংস্থাটিকে আলোচনার প্রধান মঞ্চ হিসেবে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ড. খলিলুর রহমান।
শপথ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সব সদস্য রাষ্ট্রের সহযোগিতা অর্জনই তার অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে বৈশ্বিক সংকট সমাধানে জাতিসংঘকে কার্যকর আলোচনার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করবেন তিনি।
জাতিসংঘের সংস্কারের মাধ্যমে সংস্থাটির প্রতি সব দেশের আস্থা পুনঃপ্রতিষ্ঠাও তার গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে জানান সাধারণ পরিষদের নতুন সভাপতি।
রোহিঙ্গাদের প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘যাদের কোনো রাষ্ট্র নেই, তাদের কথা কে বলবে?’ জবাবে খলিলুর রহমান বলেন, যাদের নিজস্ব রাষ্ট্রীয় পরিচয় নেই, জাতিসংঘ তাদেরও।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে খলিলুর রহমান স্পষ্ট করে বলেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন; তাই দ্বিপক্ষীয় কোনো বিষয়ে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন না।
উল্লেখ্য, গত ২ জুন গোপন ব্যালটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছিলেন ৯১ ভোট।
খলিলুর রহমানের সভাপতিত্বের মেয়াদেই জাতিসংঘের আরেক গুরুত্বপূর্ণ পদ মহাসচিব নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ফলে অন্যান্য অধিবেশনের সভাপতির তুলনায় এ মেয়াদে তার দায়িত্ব ও ভূমিকা কিছুটা বেশি গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।