রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়ম ও রোগীদের ভোগান্তি দেখে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হয় আমি থাকব, নয়তো হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, মুগদা হাসপাতালে ডেঙ্গুর প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। অথচ রোগীদের অভিযোগ, তাদের বাইরে থেকে পরীক্ষা করাতে বলা হচ্ছে। বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
সাখাওয়াত হোসেন আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হলে তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে।
জানা গেছে, সম্প্রতি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান ও বিভিন্ন অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রোগী ও সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নজরে আসার পর সরেজমিনে পরিস্থিতি দেখতে হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।