তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন বিধান আনা হবে, যাতে ভবিষ্যতে এই ব্যবস্থা সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতিকে রাখার বিষয়ে বিএনপি একমত নয় বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের প্রতিনিধি ও জুলাই যোদ্ধাদের সঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় গঠিত হবে, তা পরবর্তী সংসদে আলোচনা করে নির্ধারণ করা হবে। তবে ভবিষ্যতে যাতে সহজে এই ব্যবস্থা বাতিল বা পরিবর্তন করা না যায়, সে জন্য সংবিধানে গণভোটের শর্ত যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জুলাই যোদ্ধাদের দাবির বিষয়ে তিনি বলেন, তারা আইনি ও সাংবিধানিক স্বীকৃতি চেয়েছেন। বিশেষ করে জুলাই ঘোষণাপত্র সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা এবং তাদের দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে সরকার আন্তরিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধানের তফসিলে সুনির্দিষ্ট জায়গায় জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তির বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো বিষয় বাদ পড়ছে কি না, তা যাচাই করতে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে বলে উল্লেখ করেন তিনি।
পাশাপাশি জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকার আন্তরিক বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংবিধান সংশোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের মৌলিক বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। তবে সংশোধনের চূড়ান্ত প্রক্রিয়া জাতীয় সংসদেই সম্পন্ন হবে।
রাজপথে লংমার্চের কর্মসূচিকে তিনি সংশ্লিষ্টদের গণতান্ত্রিক অধিকার হিসেবেও উল্লেখ করেন।