ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠার পর ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ইনামুল মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর পদে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কুশাডাঙ্গা গ্রামের এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিনের সম্পর্কের অভিযোগ রয়েছে। ওই নারীর স্বামী বর্তমানে প্রবাসে থাকেন। সম্প্রতি বিষয়টি উভয় পরিবারসহ স্থানীয় বিভিন্ন মহলে জানাজানি হলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযোগের বিষয়ে ইনামুল মোল্লার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর দুটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অপকর্ম বা খারাপ কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।