মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মব পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেটে বিজিবির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে। চোরাচালান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতি চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
মাদক নিয়ন্ত্রণে আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে সিলেট সেক্টরের বিজিবি কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, পরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এ ছাড়া সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।