দেশে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বুধবার (৩ জুন) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ট্যারিফ ঘোষণা করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়তে পারে এবং নতুন মূল্যহার জুন মাস থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য স্বস্তির খবর হলো, ‘লাইফ লাইন’ ক্যাটাগরির আওতায় শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে আপাতত কোনো মূল্যবৃদ্ধি করা হচ্ছে না।
জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর শর্ত পূরণের অংশ হিসেবে বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে।
বিইআরসির কারিগরি কমিটি গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে। এছাড়া ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য তুলনামূলক কম হারে এবং বেশি ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে বেশি হারে মূল্যবৃদ্ধির পরিকল্পনা রয়েছে।