নতুন অর্থবছরের বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দেওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ঘোষিত বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক বরাদ্দ রাখা হয়েছে। তবুও কিছু মহল এই বাজেটকে ‘চানাচুরের মতো’ বা ‘গণবিরোধী’ বাজেট বলে সমালোচনা করছে।
তিনি বলেন, “যে বাজেটের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে কেউ কেউ চানাচুরের সঙ্গে তুলনা করছে। জনগণের জন্য যেই বাজেটে সব ব্যবস্থা রাখা হয়েছে, তাকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না।”
সরকারের কল্যাণমূলক উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টা করা হলে সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অশান্তি সৃষ্টি হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বাস্তবায়ন ব্যাহত হতে পারে।
অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন সরকারপ্রধান। তিনি বলেন, জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না। জনগণের টাকা জনগণের কল্যাণে এবং দেশের উন্নয়নে ব্যয় করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, “জনগণের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। যারা অর্থ পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।”
এ সময় তিনি ঘোষণা দেন, আগামী এক বছরের মধ্যে দেশের চা বাগানের প্রায় সব নারী শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের সহায়তায় আগামী এক বছরে ৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার পরিকল্পনার কথাও জানান।
অনুষ্ঠানে চা শ্রমিকদের আবাসন সহায়তা, শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করা হয়।