চীন-মিয়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগ আসবে। চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, নিয়মতান্ত্রিকভাবেই কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে রাষ্ট্রে আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।