পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক একটি প্রতিষ্ঠান।
রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ (১ম পর্যায়) এর সমাপনী কুচকাওয়াজ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন বাস্তবতায় প্রবেশের কারণে চেইন অব কমান্ড কঠোরভাবে বজায় রাখতে হবে। বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ সদস্যদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়ে বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনের মাধ্যমে পুলিশ সদস্যদের সাধারণ মানুষের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
এর আগে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের কর্মকর্তাদের অভিনন্দন জানান।
ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার ও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন এ বি এম মামুন।
সমাপনী অনুষ্ঠান শেষে সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।