রাজনীতিবিদদের লেখা ইতিহাসে মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র যথাযথভাবে উঠে আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, এর ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ‘সিনিয়র টাইগার্স’-এর অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা এবং মুক্তিযুদ্ধের উত্তাল দিনের অভিজ্ঞতা তুলে ধরে স্পিকার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোনো একটি রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়। সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেই এই যুদ্ধ সংঘটিত হয়েছিল।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদানও যথাযথভাবে তুলে ধরা হয়নি। মুক্তিযুদ্ধের সময় এই রেজিমেন্টের নেতৃত্বে অনেকেই ঐক্যবদ্ধ হয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠান শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।